ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপাড়া এলাকায় লিচু বাগানে অবৈধ কারেন্ট জাল দিয়ে নির্বিচারে পাখি হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ। রোববার (১৫ মার্চ) দুপুরে তাঁর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযানে পাখি নিধনকারীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, লিচু বাগানের উপরে সূক্ষ্ম কারেন্ট জালের মরণফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড মোঃ ইকরামুল হক নাহিদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে দেখা যায়, বাগানে টাঙানো জালে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত পাখি মারা গেছে। এসিল্যান্ড তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন এবং এই অপরাধের সাথে জড়িত মোঃ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেন।

পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ফারুক হোসেনকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন এসিল্যান্ড। দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। উদ্ধারকৃত মৃত পাখিগুলো যথাযথ প্রক্রিয়ায় মাটিতে পুঁতে ফেলা হয় এবং জালে আটকে পড়া একটি জীবিত মাছরাঙা পাখিকে এসিল্যান্ড নিজ হাতে মুক্ত আকাশে অবমুক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জালে পাখি শিকার!
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ গণমাধ্যমকে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অনস্বীকার্য। লিচু বাগান বা ফসলের নিরাপত্তার নামে যারা নির্বিচারে পাখি নিধন করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
রিপোর্টারের নাম 

















