ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ:
কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম বিস্তারের উদ্দেশ্যে জেলার কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ জুন) সকালে শহরের কোর্ট চত্বরে অবস্থিত কল্যাণী মহিলা সংসদের মার্জিনা হক মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা শিক্ষা অফিসার ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল মতিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।

ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মো. মামুন উর রশীদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন স্থানীয় শাখার সম্পাদক মোসা. জয়নব বেগম।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, গার্ল গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডিং ইউনিট গঠন ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টারের নাম 













