[মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি| ২৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের চেষ্টাকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ৪০-৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদ নয়, বরং জেলা প্রশাসকের মাধ্যমে আইনানুগভাবে খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মূলত নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি দখল ও উচ্ছেদ নিয়ে সৃষ্ট বিরোধের প্রেক্ষিতে তিনি এই অবস্থান জানান।
উচ্ছেদ প্রক্রিয়ায় মন্ত্রীর ক্ষোভ
ভূমিমন্ত্রী বলেন, একটি পরিবার যেখানে দশকের পর দশক ধরে বাস করছে, তাদের উচ্ছেদ করতে হলে অন্তত ছয়-সাত দিন সময় দিতে হয়। তা না করে হুট করে ঘরবাড়ি ভেঙে দেওয়াটা চরম অমানবিক। আমি একজন মানুষ হিসেবে একে অত্যন্ত অন্যায় মনে করি। এই পরিস্থিতির জন্য তিনি অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতাকে দায়ী করেন।
সাবেক সরকারের আমলের ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন বিগত সময়ে লিটন, শাহু ও সাচ্চুর মতো ব্যক্তিরা জনগণের সম্পদ দখলের অপচেষ্টা চালিয়েছে পুরোনো মালিকানা বা ভুয়া নথি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ বর্তমান সরকার দেবে না।ভূমিদস্যুদের হয়রানিমূলক মামলার বিরুদ্ধে লড়াই করতে স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি আইনি প্যানেল গঠনের পরামর্শ দেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। ভূমিদস্যুদের কোনো ছাড় নেই। মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রী।

খাসজমি বন্দোবস্ত ও আর্থিক সহায়তা
ভূমিহীনদের আশ্বস্ত করে মন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, প্রয়োজনে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক থেকে দুই কাঠা জমি স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি।
উল্লেখ্য, এদিন সকাল ১০টা থেকে ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে গিয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে আলোচনার মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534
রিপোর্টারের নাম 












