মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় আর্থিক সংকটে থাকা এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী নিরব আহমেদ দিনমজুর পিতার মৃত্যুর পর দাদির কাছে থেকে কষ্টের মধ্যেই পড়াশোনা চালিয়ে আসছিল। বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়া এবং যাতায়াত খরচের অভাবে সে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছিল না।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নিরবের এই পরিস্থিতির কথা জানতে পেরে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের উদ্যোগে তার হাতে একটি সাইকেল তুলে দেওয়া হয়। এর ফলে এখন থেকে সে নিয়মিত স্কুলে যেতে পারবে এবং তার শিক্ষাজীবন চালিয়ে যেতে সহজ হবে।
সাইকেলটি শিক্ষার্থীর হাতে তুলে দেন গাবতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু মিয়া ও সদস্য সচিব মেহেদী হাসান শুভসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিরবের পড়াশোনা অব্যাহত রাখতে বই-পুস্তকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 

















