
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
মাদকের কারণে সমাজে চুরি-ছিনতাই বৃদ্ধি,
পরিবারে অশান্তি, নারী নির্যাতন, ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ, এমন কি
বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটছে | এমনই ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়ে ইউএনও’র
কাছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে স্মারকলিপি দিলেন
বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের একদল নারী | এর আগে তারা উপজেলা পরিষদ চত্বরে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেন | ইউএনও’কে
স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে ‘মাদক মুক্ত সমাজ চাই’ লেখা ব্যানার ও প্লাকার্ড নিয়ে গতকাল রোববার সকাল ১১টায় প্রায় অর্ধশত নারী শাজাহানপুর
উপজেলা চত্বরে প্রবেশ করে | কিন্তু সে সময় উপজেলা পরিষদ সভা কক্ষে
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করছিলেন ইউএনও মো. তাইফুর রহমান | এমতাবস্থায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উপজেলা পরিষদ
চত্বরে মাদক বিরোধী বিক্ষোভ করতে থাকেন সুজাবাদ দহপাড়া গ্রামের নারীরা |
পেনশন স্কিম বিষয়ক সভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও নিজ অফিস কক্ষে
ফিরলে নারীরা তাকে স্মারকলিপি দেন| এসময় তারা ৮ মাদক ব্যবসায়ীর নামের
একটি তালিকাও হাতে ধরিয়ে দেন | স্মরকলিপি দেওয়ার সময় জান্নাতুল ফেরদৌস
নামের এক নারী ইউএনও’কে বলেন, সুজাবাদ দহপাড়া এলাকা মাদকে সয়লাব হয়েছে |
স্থানীয়ভাবে দেন দরবার করেও দমানো যাচ্ছেনা| তাই স্বামী সন্তানকে মাদকের
ছোবল থেকে বাঁচাতে তারা প্রশাসনের দারস্থ হয়েছেন |
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একদল নারী লিখিত আবেদন
দিয়েছেন উল্লেখ করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান
জানান, পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি মাদক প্রতিরোধে প্রয়োজনীয়
পদক্ষেপ নেওয়া হবে | শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, মাদকের
বিরুদ্ধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে | ইতোমধ্যে কয়েকজন মাদক
ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে| বাকি মাদক
ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলমান আছে |
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.