
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মোছাঃ জরিনা (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়। অভিযানের সময় ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
ডিএনসির কর্মকর্তারা জানান, বাসের বি-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা নারী যাত্রী মোছাঃ জরিনার দেহ তল্লাশির পাশাপাশি তার সঙ্গে থাকা কালো রঙের ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জরিনা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমলীহাট ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.