
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকারিতা আরও জোরদার করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
প্রধান অতিথি কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ সেবা সম্পর্কে জনগণের জানাশোনা বৃদ্ধি পেলে আদালতের ওপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, প্রয়াস, ডাসকো ফাউন্ডেশন এবং এনজিও’র প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী মো. নুর জামাল ও মোছা. তাসলিমা খাতুন উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.