
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
বিশ্বাসের সুযোগ কাজে লাগিয়ে ১০ লাখ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই চুরি করে আত্মগোপনে যাওয়া সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। ফেনীর দাগনভূইয়া ও চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া নগদ অর্থ, ব্যাটারিচালিত অটোরিকশা, মোবাইল ফোন, চেকবইসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। গ্রেফতারকৃতরা হলো- পিতা, ভোলা জেলার লালমোহন উপজেলার রায়চাঁদ এলাকা মৃত নুর হোসেন হাওলাদারের ছেলে বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ফৌজদারগোনা এলাকায় বসবাসকারী মোঃ সবুজ (৩০) এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া ফৌজদারগোনার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ ইউসুফ (৬৫)। নাচোল থানার এফআইআর নং-১০, তারিখ ২১ এপ্রিল/২৬, জি.আর নং-৩৪ এর অধীনে দণ্ডবিধির ৩৮১/৫০৬(২)/১০৯ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে এই সাফল্য আসে।
পুলিশ জানায়, মামলার বাদী জুয়েল বনিক (৪০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। দীর্ঘ ১২ থেকে ১৫ বছরের পরিচয়ের সুবাদে গ্রেফতারকৃত সবুজ তার বিশ্বস্ত রাখাল হিসেবে কাজ করতেন। সেই বিশ্বাসকেই পুঁজি করে সংঘটিত হয় চাঞ্চল্যকর এই চুরি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ এপ্রিল/২৬ সকালে জুয়েল বনিক তার রাখাল সবুজকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারে গরু কিনতে আসেন। দুপুরের দিকে গরু দেখাদেখির সময় তিনি নগদ ১০ লাখ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউসিবি ব্যাংকের একটি চেকবই ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ সবুজের জিম্মায় রেখে বাজারে ঘুরছিলেন।
সুযোগ বুঝে সবুজ ওই ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে ২১ এপ্রিল/২৬ নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এরপরই তদন্তে নামে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সরাসরি নির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ একটি বিশেষ আভিযানিক টিম গঠন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিঃ) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম আধুনিক প্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১২ মে অভিযুক্ত সবুজ ও তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়-নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা চুরি করা টাকায় কেনা একটি ব্যাটারিচালিত অটোরিকশা (মূল্য প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা),
অটোরিকশার ৪টি ব্যাটারি (মূল্য প্রায় ৫১ হাজার টাকা) একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউসিবি ব্যাংকের চেকবই, ধূসর রঙের কাঁধে বহনযোগ্য ব্যাগ পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে চুরি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মালামাল ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। নাচোল থানা পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষের বিশ্বাস, দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে পুলিশের এই তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.