নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোরে নির্বাচনের পর দিন জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের একমাত্র গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছে জুমার পাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার পুত্র রোকন উদ্দীন মোল্লা। নির্বাচনের পর সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে প্রবেশের রাস্তায় এমন বেড়া দেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পেরে সেখানেই অবস্থান নেন।
বিষয়টি তানোর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে বেলা ১টার সময় সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হন। বেলা ২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরেই অবস্থা করছিলেন।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সাথে বাধাইড় ইউপির জুমার পাড়ায় স্থাপিত ইউপির একমাত্র বালিকা বিদ্যালয় এটি। প্রতিষ্ঠার পর থেকে ওই গেটের রাস্তাটি ব্যবহার করে আসছেন স্কুল কর্তৃপক্ষ। মুন্ডমালা আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ১১ফিট জমি রোকন উদ্দীন মোল্লা তার নিজের দাবি করে রাস্তাটি তার কাটার বেড়া দিয়ে স্কুলের গেট বন্ধ করে ঘিরে দিয়েছে।
জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই পাঁকা সড়কের ১১ ফিট জায়গা ছেড়ে বেড়া দিয়ে স্কুলের গেট করা হয়েছে। ওই ১১ ফিট জায়গায় দোকান ঘর করবে মর্মে রোকন উদ্দীন মোল্লা গেট ঘিরে তার কাটার বেড়া দিয়ে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে না পেরে গেটের সামনে অবস্থান নিয়ে বসে আছি। এসিল্যান্ড স্যার এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না।
এবিষয়ে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি সে স্কুলকে ব্যবহার করতে দিবে না মর্মে ঘিরে দিয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি গেট না খুলে দিয়ে চলে গেলেন। পরে, শিক্ষার্থীরা স্কুলের পেছনের একটি গলি দিয়ে স্কুলে গেলেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 


















