মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে সাইকেল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাঝিড়া বন্দর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা–বগুড়া মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার বায়তুল সম্পাদক তালিবুল হাবিব ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন।
প্রধান অতিথি বলেন,আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
প্রোগ্রামের শুরুতে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী। তিনি বলেন, নৈতিকতা, শিক্ষা ও দেশপ্রেমে উজ্জীবিত একটি প্রজন্ম গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আদর্শিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।
রিপোর্টারের নাম 








