ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ১১৫টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে থাকবে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শনিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে- চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনে অর্থাৎ ৫ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ -এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ কেন্দ্রের সংখ্যা ৪০০টি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে গোমস্তাপুর উপজেলায়। এ উপজেলায় মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩২-টিই গুরুত্বপূর্ণ। এছাড়াও সদর উপজেলায় ১৭২ কেন্দ্রের ২৫টি, শিবগঞ্জ উপজেলার ১৫৯ কেন্দ্রের ২৩টি, নাচোল উপজেলার ৫৭ কেন্দ্রের ২১টি ও ভোলাহাট উপজেলার ৩৭ কেন্দ্রের ১৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ও সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন গঠিত।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও অতিরিক্ত নজরদারি থাকবে পুলিশের।
তিনি বলেন, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বড় ধরণের অপ্রীতিকর ঘটনার কোন আশঙ্কা করা হচ্ছে না। আমাদের আশা সুষ্ঠুভাবেই চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন সম্পন্ন হবে।
রিপোর্টারের নাম 









