
মোঃ রবিউল ইসলাম মিনাল:রাজশাহী জেলা প্রতিনিধি:|
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে টাকা ধার না পেয়ে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার (১১ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হৃদয় সরকার বাদী হয়ে স্থানীয় সুজন ও রানাসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিবাদী সুজন ও রানাসহ অন্যরা হৃদয় সরকারের কাছে টাকা ধার চাইতে যান। হৃদয় টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে হৃদয় ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীগণ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুটে নেয়।
স্থানীয়দের মারফত খবর পেয়ে হৃদয় ও তার স্ত্রী দ্রুত বাড়িতে ফিরলে বিবাদীদের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখতে পান। এ সময় লুটে নেওয়া টাকা ফেরত চাইলে বিবাদীরা হৃদয় ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে এবং পুনরায় জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী হৃদয় সরকার জানান, আমি টাকা ধার দিতে না পারায় তারা আমার দীর্ঘদিনের জমানো টাকাগুলো লুট করে নিয়ে গেছে। এখন আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসেন সোহেল
বার্তা সম্পাদক: নরুল ইসলাম নয়ন
Copyright © 2024 দৈনিক আমার ভূমি-সত্যের পথে জনগণের সাথে. All rights reserved.